শাহবাগে জাগরণ মঞ্চের মশাল মিছিল
আরিফ নূরের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
শনিবার সন্ধ্যায় মশাল মিছিলটি বের হয়।
শাহবাগ থেকে মিছিলটি বের হয়ে রূপসী বাংলা- বাংলামটর ঘুরে শাহবাগ এসে পাঁচ মিনিটের জন্য শাহবাগ মোড় ‘প্রতীকী’ অবরোধ করে রাখে। পরে সেখান থেকে জাতীয় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মঞ্চের কর্মীরা।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, আমাদের জীবনের নিরাপত্তা নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। দিন যতই যাচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের ওপর জামায়াত-শিবিরের হায়নাদের নৃশংস হামলা বেড়েই চলেছে। তাই সময় থাকতে এদের প্রতিহত করতে হবে।
জামায়াত শিবির নিষিদ্ধের দাবি জানিয়ে ইমরান বলেন, জামায়াত ইসলামী যে যুদ্ধাপরাধী দল তা আদালতে অনেকবার প্রমাণিত হয়েছে। তাই এদের যতো দ্রুত সম্ভব নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পরীবাগ ওভার ব্রিজের নিচে আরিফ নূরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করছে মঞ্চের সংগঠকরা।
উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে আন্দোলনে সক্রিয়।
