মাওয়া-কাওড়াকান্দি রুটে ফের লঞ্চ ধর্মঘট
৩১টি লঞ্চের রুট পারমিট পুনর্বহালের দাবিতে মাওয়া-কাওড়াকান্দি রুটে শনিবার বিকাল থেকে আবারো লঞ্চ ধর্মঘট শুরু হয়েছে।
এর আগে এই রুটে নতুন একটি লঞ্চ চলা নিয়ে ১১ দিন বন্ধ থাকার ২ সেপ্টেম্বর থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
চালুর ছয় দিনের মাথায় আবার বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে।
লঞ্চ মালিক সমিতির যুগ্ন সম্পাদক আব্দুর রউফ বলেন, কর্তৃপক্ষ ৩১টি লঞ্চে সনদধারী মাস্টার না থাকার অভিযোগে রুট পারমিট স্থগিত রাখে। অথচ এই ৩১টি লঞ্চের প্রত্যেক মাস্টারেরই সনদ রয়েছে।
“আমরা ওই সকল লঞ্চের রুট পারমিট পুনরায় পাওয়ার জন্য আবেদন করি এবং শনিবার ওই সকল লঞ্চ চলাচলে অনুমোদন দেয়ার কথা ছিল। অথচ কর্তপক্ষ শনিবার তিনটায় ৩১টি লঞ্চের চলাচলে অনুমতি দেয়া হবে না বলে জানায়। এ কারণে অন্য সকল মালিকেরা শনিবার বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে।”
তিনি আরোও বলেন, “কর্তৃপক্ষ ৩১টি লঞ্চের রুটপারমিট পুনরায় দিলে আমরা লঞ্চ চলাচল শুরু করব।”
এ ব্যপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজখবর নিচ্ছি।”
যাত্রী পরিবহন সংস্থাও মাওয়া জোনের সহ-সভাপতি লঞ্চ মালিক মো. ইকবাল হোসেন খান জানান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান খন্দকার সামসুদ্দোহার সঙ্গে রোববার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১টি লঞ্চের রুট পারমিট বাতিল সিদ্ধান্ত শিথিল করার সিদ্ধান্ত হয়।
কিন্তু বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইনসপেক্টর ৩১টি লঞ্চ চলতে বাধার সৃষ্টি করে।
এর প্রতিবাদে এবং রুট পারমিট পুনর্বহালের দাবিতে এই ধর্মঘট শুরু হয়।
বর্তমানে এই রুটে ৮৬টি লঞ্চ রয়েছে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান খন্দকার সামসুদ্দোহা বলেন, সার্ভে করে যেসব লঞ্চে ত্রুটি দেখা গেছে তা নিরসেরনের জন্য বলা হয়েছে লঞ্চ মালিকদের। জানমালের স্বার্থে এসব ত্রুটি দূর করেই রুট পারমিট বহাল করা হবে।
গত ২২ অগাস্ট কাওড়াকান্দি ঘাট থেকে ‘এমভি শাহ পরান’নামের একটি লঞ্চ মাওয়া ঘাটে যায়। কিন্তু মাওয়া শ্রমিকরা লঞ্চটি ভাংচুর করে আটকে রাখে। এই ঘটনাকে কেন্দ্র করে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পরে ২ সেপ্টেম্বর এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
