গাজীপুরে প্রতিমা ভাঙচুর মামলা, গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা প্রতিমা ভাঙচুরের মামলায় শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রতনপুর গ্রামের পাবন ও সাদ্দাম হোসেন।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব চান্দরা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে স্থানীয় একটি দুর্গা মন্দিরে হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় ২৮ জনের নামে একটি মামলায় দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই মনোয়ার হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রতনপুর গ্রামের মোহাম্মদ আলী খান ও পূর্ব চান্দরা গ্রামের শাহিন মিয়াসহ কয়েজন যুবকের মধ্যে বিরোধ ছিল।
তাদের বিবাদ মীমাংসার জন্য শুক্রবার বিকালে পূর্ব চান্দরা মন্দিরের সামনে বৈঠকের আয়োজন করা হয়।
মাতবরদের সালিশ না মেনে রতনপুর গ্রামের আলী, আসলাম, সাদ্দাম, সুমন ও পাপনসহ কয়েকজন যুবক শাহিন, রিয়াজ ও পবিত্র বর্মনের ওপর হামলা চালায়, বলেন ওই পুলিশ কর্মকর্তা।
আত্মরক্ষার জন্য তারা মন্দিরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে মারধরের পাশাপাশি দুর্গাপূজার জন্য নতুন তৈরি মূর্তি ভাংচুর করে পালিয়ে যায়, বলেন এসআই মনোয়ার।
