রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা সপ্তাহ শুরু
শুরু হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা সপ্তাহ।
শনিবার বন্দরনগরী চট্টগ্রামের বটতলী রেল স্টেশনে নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. আখতারুজ্জামান হায়দার, বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী মো. কামরুজ্জামান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রমুখ।
সম্প্রতি পাথর ছোঁড়ার কারণে নারী প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি তুলে ধরে সুকুমার ভৌমিক বলেন, এখনও পাথর ছোঁড়া বন্ধ হয়নি। শুক্রবারও তূর্ণা নিশীথা ট্রেনে পাহাড়তলী এলাকায় পাথর নিক্ষেপ করা হয়েছে। সাধারণ মানুষকে এজন্য সচেতন হতে হবে।
স্টেশন চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, রেলের ভ্রমণ নিরাপদ করতে রেলের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতার লক্ষে রেলওয়ে পূর্বাঞ্চল বেশকিছু পদক্ষেপ নিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, লাইন, ওয়াগন পরিষ্কার রাখা, সংকেত সম্পর্কিত, যাত্রী কল্যাণ ইত্যাদি বিষয়ে কর্মীদের আরও দক্ষ করার উদ্যোগ নেয়া হয়েছে।
