আশুলিয়ায় সুতার কারখানায় আগুন
সাভারের আশুলিয়ায় একটি সুতার কারখানার গুদামে আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে।
শনিবার সন্ধ্যায় শ্রীপুর এলাকার মুদারমেইল মহল্লার সুপ্রিম গ্রুপের ওরি সামস কম্পোজিট টেক্সটাইলে এ অগ্নিকাণ্ড হয়।
তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আমজাদ হোসেন ও জুলহাস বলেন, “সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুদামে কাজ করছিলাম। এ সময় বারবার আগুনের ফুলকি পড়তে পড়তে হঠাৎ আগুন লেগে যায়।”
ডিইপিজেড দমকল বাহিনীর দুইটি এবং সাভার দমকল বাহনীর একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে তুলায় আগুন লাগায় এখনো ধোঁয়া বের হচ্ছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে কারখানাটির কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
