২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ছাত্রীকে ‘ধর্ষণ’, শিক্ষকের গ্রেপ্তার দাবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী থানায় মামলাটি করা হয় বালিয়াডাঙ্গীর লাহিড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশীদের বিরুদ্ধে।

এদিকে এ শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালিয়াডাঙ্গী চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

দরিদ্র পরিবারের এই শিক্ষার্থী পঞ্চম শ্রেণিতে বৃত্তি এবং জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। নবম শ্রেণি থেকে প্রথম হয়ে সে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, শিক্ষক আব্দুর রশীদের বিরুদ্ধে ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

আব্দুর রশীদ পলাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে ওসি জানান।

স্থানীয়দের বক্তব্য এবং মামলার নথি থেকে জানা যায়, আব্দুর রশীদ স্কুল সংলগ্ন এলাকায় একটি কোচিং সেন্টারে পড়ান স্কুল সময়ের বাইরে। ওখানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের শিক্ষার্থীরাও পড়তে আসে।

মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার অন্যান্য শিক্ষার্থীদের সকাল ৭টায় সেখানে আসতে বলা হলেও ওই শিক্ষার্থীকে সকাল ৬টার মধ্যে আসতে বলেন রশীদ। তার কথামতো মেয়েটি সকাল ৬টায় কোচিং সেন্টারে এলে শিক্ষক ওই শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করেন।

মেয়েটি বাধা দিলে রশীদ তাকে জোর করে মোবাইল ফোনে তার অশ্লীল ছবি তোলেন এবং জোড়পূর্বক অশ্লীল ছবি তোলেন এবং ওই ছবি ইন্টারনেটে প্রচারের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

এর কিছুক্ষণ পরই অন্য শিক্ষার্থীরা এসে মেয়েটিকে কাঁদতে দেখে বিষয়টি জানতে পরে।

এদিকে, শনিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থী আব্দুর রশীদকে গ্রেপ্তারের দাবিতে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

সে সময় শিক্ষার্থীরা ঘোষনা দেয়, আগামী ২ দিনের মধ্যে আব্দুর রশীদকে গ্রেপ্তার না করলে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করবে তারা।

শিক্ষার্থীদের মানববন্ধনে এলাকার শতশত অভিভাবক ও সচেতন মানুষ সমর্থন জানিয়ে তারাও অংশ নেন।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী জনি, মনোয়ার, আসাদ, জুলফিকারসহ কয়েকজন বলে, শিক্ষক আব্দুর রশীদ দীর্ঘদিন থেকেই এমন অপকর্ম করে আসছিলেন।