গোয়ালন্দে কলেজছাত্রের রগ কেটেছে দুর্বৃত্তরা
রাজবাড়ীর গোয়ালন্দে এক কলেজছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র সোহেল হাসান মৃদুলের বাম পায়ের রগ কেটে দেয় তারা।
মৃদুল গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার প্রয়াত করিম মোল্লার ছেলে।
তাকে প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে কলেজের একাডেমিক ভবনের সামনে আগে থেকে অবস্থান নেয়া ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী রামদা, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।
এক পর্যায়ে তারা তার বামপায়ের রগ কেটে দিয়ে চলে যায়।
গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল বলেন, “বহিরাগত একদল দুর্বৃত্ত কলেজে এসে এ ঘটনা ঘটিয়েছে।”
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আবুল বাসার বলেন, কেন বা কী কারণে এ হামলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
