রাজশাহীতে বন্যা পরিস্থিতির অবনতি
উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীর বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।
শনিবাব সকাল ৬টা থেকে রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি প্রতিদিন তিন থেকে চার সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, শুক্রবার সকাল ৬টায় পদ্মার পানি প্রবাহ ১৮ দশমিক ৬৭ সেন্টিমিটার অতিক্রম করে। শনিবার সকাল ৬টায় তা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৭০ সেন্টিমিটারে।
১০ বছর পর এবার পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে তিনি জানান।
অব্যাহত পানি বৃদ্ধিতে প্রতিদিন নদীগর্ভে গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা এলাকার চরাঞ্চলের শতশত একর জমিসহ বাড়িঘর ও গাছপালা বিলীন হচ্ছে বলেও তিনি জানান।
রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নগরীসহ চার উপজেলার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বন্যায় বাস্তুহারা হয়েছে অন্তত ২০ হাজার পরিবার। পদ্মার বাঁধ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা আশ্রয় নিয়েছেন বলেও জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, “এ পর্যন্ত ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে। গত বুধবার থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়।
এছাড়াও তাদের চিকিৎসা সেবা দিতে শনিবার থেকে মহানগরীর দুর্গত এলাকায় সাতটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
