২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সংকটের সমাধান অভ্যন্তরীণভাবে হবে: গওহর রিজভী

দেশের রাজনৈতিক সমস্যা-সংকটের সমাধান অভ্যন্তরীণভাবে হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের তিনি বলেন, “সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনতে সামনে রেখে বিদেশিদের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা চাই ইউরোপীয় ইউনিয়ন, সার্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশি পর্যবেক্ষকরা আসুক। দেখুক, কিভাবে আমাদের দেশে নির্বাচন হচ্ছে।

“আমাদের মধ্যে যা সমস্যা আছে তা আমরা নিজেরাই ঠিক করে নেব।”

নগরীর মুসলিম হলে দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় এনজিও সমাবেশের উদ্বোধন করেন গওহর রিজভী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশে নারীদের অধিকারের ওপর হামলা হচ্ছে। যতক্ষণ ঘরে বাইরে নারীদের সমান অধিকার দেয়া না যাবে ততক্ষণ দেশের উন্নয়ন সম্ভব না।”

দেশের উন্নয়নে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে এনজিওকর্মীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, “সরকার জনগণ ও সংসদের প্রতি দায়বদ্ধ। আপনারা শুধু দাতাদের প্রতি দায়বদ্ধ হলে চলবে না। যাদের সেবা দিচ্ছেন তারা সন্তুষ্ট কি না তা-ও দেখতে হবে।”

এনজিও প্রতিষ্ঠানগুলোকে সরকারের অংশীদার হিসেবে কাজ করারও আহ্বান জানান গওহর।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন নবী।