২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়: মওদুদ

বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয় বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 08:50 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদেরে সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তার মতে, বর্তমান নির্বাচন কমিশন সরকারের এজেন্ট। 

“এই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা কিছু প্রত্যাশা করি না। এই কমিশন যা কিছু বলছে এটা মূল্যহীন, এর কোনো গুরুত্ব আমাদের কাছে নেই,” বলেন তিনি।

তিনি বলেন, নির্দলীয় সরকারের সময় এদের সবাইকে সরিয়ে দিতে হবে। যারা যোগ্যতাসম্পন্ন এবং যাদের মেরুদণ্ড আছে এই ধরনের ব্যক্তিদের দিয়ে নির্বাচন করতে হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মওদুদ বলেন, আগামী ১২ তারিখে সংসদের যে অধিবেশন বসছে, বিএনপি তা বর্জনের সিদ্ধান্ত এখনো নেয়নি।

তবে, আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার বক্তব্যে অনড় থাকলে দলের স্থায়ী কমিটির সভায় সংসদে যাওয়া না যাওয়া এবং সংসদ থেকে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রধানমন্ত্রী তার শেষ অবস্থান থেকে সরে আসবেন এবং একটা সমঝতার পথ বেছে নেবেন আশা করে মওদুদ বলেন, “এতে দেশে গণতন্ত্র রক্ষা পাবে এবং আমরা সকলে মিলে গণতন্ত্র সুরক্ষা করার ব্যবস্থা করব।”

আর তা না হলে দেশে ভয়াবহ অবস্থা সৃস্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চরহাজারী ইউনিয়ন পরিষদের চেযারম্যান বিএনপি নেতা আল হারুন, মফিজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান নোমান উপস্থিত ছিলেন।

সরকারি দলের অবস্থান হল সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে, যা বিরোধীদল মানছে না।