সাক্ষরতা: বিবিএসের হিসাব ৫৯%, মন্ত্রীর দাবি ৭১%
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮ শতাংশ বললেও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর দাবি, এই হার ৭১ শতাংশ।
আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আফছারুল আমীন বলেন, বিভিন্ন উদ্যোগের ফলে দেশে সাক্ষরতার হার ৭০ থেকে ৭১ শতাংশে দাঁড়িয়েছে।
এই হার কীভাবে নির্ধারণ করা হল- জানতে চাইলে তিনি বলেন, “পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮ শতাংশ হলেও আমাদের বিভিন্ন কার্যক্রমের ফলে তা বেড়েছে।”
গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় দেশে সাক্ষরতার হার ৬২ শতাংশ ছিল দাবি করে আফছারুল বলেন, বিএনপি ক্ষমতায় এসে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোকে বন্ধ করে দিলে সাক্ষরতার হার ৫২ শতাংশে নেমে আসে।
এর আগে ২০১১ সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রাক্কালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, সচিব ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক সাক্ষরতার হার নিয়ে তিন ধরনের তথ্য তুলে ধরেন।
ওই দিন মন্ত্রী জানান, শিশু জরিপের তথ্যানুযায়ী দেশে সাক্ষরতার হার ৫৮ শতাংশ।
একই দিন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর দাবি করেন সাক্ষরতার হার ৫৩ শতাংশ।
ওই দিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সচিব একেএম আবদুল আওয়াল মজুমদার জানিয়েছিলেন, দেশে সাক্ষরতার হার ৫৪ শতাংশ।
২০১১ সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত স্মরণিকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সূত্র উল্লেখ করে বলা হয়েছিল, দেশে ১৫ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৪৮ দশমিক ৮০ শতাংশ এবং ৭ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৫৩ শতাংশ।
এবারো মন্ত্রী সাক্ষরতার ৭১ শতাংশ বলে দাবি করলেও কোন তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান দেয়া হয়েছে, তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বিদ্যালয়ে ঝরে পড়ার হার ২৯ শতাংশে নেমে এসেছে।
২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করা সম্ভব হবে কি না- এ প্রশ্নের উত্তরে আফছারুল বলেন, “যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে তা অনুমোদন পেলে ওই সময়ের মধ্যে (২০১৪) আমরা নিরক্ষরমুক্ত করার অনেক কাছাকাছি চলে যেতে পারব।”
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেন, ১৫ থেকে ৪৫ বছর বয়সের মানুষদের সাক্ষর করার লক্ষ্য নেয়া হয়েছে।
“৪৫ বছর বয়সের ঊর্ধ্বেও অনেক লোক নিরক্ষর আছেন। এত বয়স্ক লোকদের শিক্ষা দিয়ে লাভ হবে না। তাই তাদের এই আওতায় আনা যাচ্ছে না। এজন্য ২০১৪ সালের মধ্যে সাক্ষরতার হার শতভাগ হচ্ছে না।”
‘আমরা সবাই হব সাক্ষর আর দক্ষ, একুশ শতকে এই আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্য নিয়ে এবার বাংলাদেশে সাক্ষরতা দিবস পালিত হবে।
আগামী ৮ সেপ্টেম্বর সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন আফছারুল আমীন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘উন্নয়নের’ ফিরিস্তি তুলে ধরেন মন্ত্রী। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন ছাড়াও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
