২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুলনায় রাজাকার বাহিনী গঠন করে নির্যাতনে নেতৃত্ব দেন ইউসুফ’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের প্রথম সাক্ষী মো. লিয়াকত আলী খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2013, 12:39 AM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বলেছেন, ১৯৭১ সালের এপ্রিল খুলনা ও বাগেরহাট জেলার আশেপাশের এলাকায় ইউসুফ নিজে রাজাকার বাহিনী গঠন করেন এবং বাহিনীকে নিয়ে খুলনা, বাগেরহাট ও এর আশেপাশের এলাকায় লুটতরাজ, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বৃহস্পতিবার সাক্ষ্য দেন লিয়াকত আলী খান, একাত্তরে যিনি ছিলেন ২৩ বছরের যুবক।

লিয়াকত বলেন, “২৮ এপ্রিল খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে হাটবার ছিল। হাটের পাশে একটি জনসভা চলছিল। ওটি সম্ভবত শান্তি কমিটির জনসভা ছিল এবং আমি ইউসুফকে ওই জনসভায় বক্তৃতা দিতে দেখি।

“ইউসুফ সাহেব জনসভায় তার বক্তব্যে বলেছিলেন, এদেশে হিন্দুদের থাকতে দেয়া যাবে না। তারা ভারতের দালাল। মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করে তাদের নিঃশেষ করে দিতে হবে।”

পরে মোড়েলগঞ্জ ও শরণখোলা এলাকার ৯৬ জন যুবককে রাজকার বাহিনীতে তালিকাভুক্ত করে প্রশিক্ষণের জন্য ইউসুফ লঞ্চযোগে তাদের খুলনায় নিয়ে যান বলে লিয়াকত জানান।

তিনি বলেন, আনুমানিক ৫ মে ২৫/৩০ জন রাজাকারের একটি দল মোড়েলগঞ্জের বারইখালি ইউনিয়ন কাউন্সিল অফিস দখল করে রাজাকার ক্যাম্প স্থাপন করে। তারা ওই ক্যাম্পে অবস্থান নিয়ে স্থানীয় শান্তি কমিটির সদস্য ও দালালদের সহযোগিতায় লুটতরাজ, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ চালাতে থাকে।

১৯৭১ সালের ১৩ মে ৩০ জন মুক্তিযোদ্ধার একটি দল বারইখালি রাজাকার ক্যাম্প আক্রমণ করে। তখন তিন ঘণ্টাব্যাপী যুদ্ধ হয়।

লিয়াকত বলেন, যুদ্ধের এক পর‌্যায়ে বাগেরহাটের দিক থেকে পানগুছি নদী দিয়ে একটি গানবোটে করে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা মর্টার শেল ছুড়তে ছুড়তে আসতে থাকলে মুক্তিযোদ্ধারা পিছু হটে। একজন আহত মুক্তিযোদ্ধা রমজান কাজীর বাড়িতে আশ্রয় নেয়।

“গানবোটে করে আসা এবং স্থানীয় রাজাকাররা এরপর ওই এলাকায় তল্লাশি শুরু করে এবং অন্যদের না পেয়ে রমজান কাজীর বাড়ি থেকে আহত আবু বকরকে ধরে রাজাকার ক্যাম্পে নিয়ে যায়।”

লিয়াকত বলেন, “আমি আরো দেখছিলাম, গানবোটের সামনে উপস্থিত রাজাকার ও মিলিটারিদের সঙ্গে আসা ইউসুফ তাদেরকে নির্দেশ দিচ্ছিলেন। তিনি বলেছিলেন, ‘যারা পাকিস্তানের দুশমন, তাদেরকে কোনোভাবে রাখা যাবে না’।একথা বলার পর রাজাকাররা আবু বকরকে গুলি চালিয়ে হত্যা করে।”

এছাড়া ১৯৭১ সালের ১৯ মে মোড়েলগঞ্জে হিন্দুদের ওপর নির্যাতনের বর্ণনাও দেন এই মুক্তিযোদ্ধা। মোড়েলগঞ্জ বাজারের এক বাড়িতে এক পরিবারের তিন ভাই শান্তিরঞ্জন দাস, সত্যরঞ্জন দাস ও শঙ্কর দাস, তাদের বাবা রাধেশ্যাম দাকে হত্যার কথাও বলেন তিনি।

১৯৭১ সালের ২৬ জুলাই প্রবীণ চিকিৎসক আব্দুল মজিদকে গুলি চালিয়ে হত্যার কথাও বলেন লিয়াকত। কচুয়া, রঞ্জিতপুরের ৪০/৫০ জন লোককে একই দিনে হত্যা করার কথাও বলেন তিনি।

সাক্ষী লিয়াকত আলী বলেন, “এসব ঘটনা মধ্যে আমার শোনা ঘটনাগুলো মুক্তিযোদ্ধাদের জন্য সোর্স হিসেবে কাজ করা বিভিন্নজনের কাছে শুনেছি।”

সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা করা শুরু করেন আসামির আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। জেরা অসমাপ্ত রেখে আগামী ২৫ সেপ্টেম্বর এ মামলার শুনানি মুলতবি করা হয়।

এর আগে সকালে ইউসুফের মামলায় সূচনা বক্তব্য রাখেন প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান।

গত ২৪ জুলাই এ মামলায় ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এর আগে গত ১২ মে প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ঘণ্টাখানেকের মধ্যে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুক্তিযুদ্ধের সময় এদেশে পাকিস্তানিদের গঠন করা কথিত মালেক সরকারের মন্ত্রিসভার সদস্য ইউসুফ এক সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বও পালন করেছেন।