সিলেটে স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনায় আটক ২
সিলেট নগরীর জিন্দাবাজারে একটি স্বর্ণের মার্কেটে হাতবোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন।
আটকরা হলেন- সিলেট নগরীর টিলাগড় কল্যাণপুরের বাসিন্দা ইলু মিয়ার ছেলে কবীর আহমদ ওরফে হেরোইন কবীর (৩৫) ও দক্ষিণ সুরমার পাঠানপাড়ার মৃত আলা মিয়ার ছেলে আবদুল জলিল ওরফে ফোকড়া জলিল (৩৩)।
এর মধ্যে কবীর আওয়ামী লীগের ও জলিল ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান রোকন উদ্দিন।
তিনি জানান, ডাকাতির ঘটনায় এদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীরা থানায় এখনো এজাহার দেননি। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
বুধবার রাত ৮টায় নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা হাতবোমা ফাটিয়ে মার্কেটের তিনটি দোকানের স্বর্ণ লুট করে। এ সময় ডাকাতদের বোমার আঘাতে মার্কেটের নৈশপ্রহরী নিহত ও ব্যবসায়ীসহ ৪ জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সব স্বর্ণের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করে সিলেট জুয়েলারি সমিতি। পরে সিলেটের সকল মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীরা যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীদের আন্দোলনে।
এ সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জিন্দাবাজারে সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা।
