হজক্যাম্প উদ্বোধন শুক্রবার
উদ্বোধনের আগে হজক্যাম্পে হজযাত্রীদের অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্প কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হজ টাক্সফোর্সের প্রধান জয়নাল আবেদিন তালুকদার বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া শেষ। শুক্রবার সকাল থেকে হজযাত্রীরা ক্যাম্পে রিপোর্ট করবেন। প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হবে।
আগামী শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৫৮২ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হবে, এর মধ্য দিয়ে শুরু হবে এবারের হজ ফ্লাইট।
ধর্ম মন্ত্রণালয়ের হিসাবে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৮ হাজার ৯১১ জন হজে যাবেন।
হজযাত্রী পরিবহনে মোট ৯২টি ‘ডেডিকেটেড ফ্লাইট’ চালাবে বিমান। এছাড়া ২২টি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে। এবছরও চট্টগ্রাম ও সিলেট থেকে হজযাত্রী পরিবহন করবে বিমান।
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান। বাকি অর্ধেক করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজ।
হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১৮ নভেম্বর।
