সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আহত ২০
সিরাজগঞ্জ শহরের হোসেনপুর পুঠিয়াবাড়ী ও রৌহাবাড়ী মহল্লার বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
জুয়ার আসরের টাকা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হান আলী শেখ স্থানীয়দের বরাত দিয়ে জানান, জুয়ার আসর থেকে তোলা টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন তারা ও হানিফ পুঠিয়াবাড়ীতে সমঝোতা বৈঠকে বসেন।
“বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় রফিকুল, ইমরান, কালু, ফরিদ, ও হাসেমসহ ১০ জন আহত হয়।”
এরই জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে উভয়পক্ষ আবারও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, মারপিট ও ৫/৬টি বসতবাড়ি-দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
