ক্লাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে হত্যা
ক্লাসে যাওয়ার পথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে কুপিয়ে আহত করে এক দুর্বৃত্ত।
পরে বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক শফিউল আলম।
সাওদা বরগুনার পাথরঘাটা উপজেলার আব্দুর রাজ্জাকের মেয়ে।
এ ঘটনার সন্দেহভাজন রাসেল মিয়া একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পাথরঘাটা এলাকার হারুন মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা আব্দুল কাদের জানান, সকালে একটি মেয়ে বাঁচার আকুতি জানিয়ে তাদের ঘরের দরজায় ধাক্কা দেয়। এ সময় তিনি ঘর থেকে বের হয়ে দেখেন একটি ছেলে ধারালো দা দিয়ে মেয়েটির মাথায় ও গলায় কুপিয়ে পালিয়ে যাচ্ছে।
পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাসেলের সহপাঠী রাব্বী বলেন, “রাসেল ও সাওদা একই এলাকার বাসিন্দা। অনেক আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।”
“বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৪ এর সহকারী নিবন্ধক মো. রুবেল জানান, ধারালো অস্ত্রের হামলায় সাওদার মাথায় গুরুতর জখম হয়। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।।
সাওদার নিহতের খবরের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। মামলা করার জন্য বিশ্ববিদ্যারয় কর্তৃপক্ষ ও নিহতের পরিবারকে বলা হয়েছে।
“অভিযুক্ত রাসেলকে ধরার জন্য ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম কাজ করছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুনর রশিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে সন্ধ্যার পর সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
