২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রের বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 03:58 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় এ হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সাওদা বরগুনার পাথরঘাটা উপজেলার আব্দুর রাজ্জাকের মেয়ে।

অভিযুক্ত রাসেল মিয়া ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পাথরঘাটা এলাকার হারুন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা আব্দুল কাদের জানান, একটি মেয়ে বাঁচার আকুতি জানিয়ে তাদের ঘরের দরজায় ধাক্কা দেয়। এ সময় তিনি ঘর থেকে বের হয়ে দেখেন একটি ছেলে ধারালো দা দিয়ে মেয়েটির মাথায় ও গলায় কুপিয়ে পালিয়ে যাচ্ছে।

পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রাসেলের সহপাঠী রাব্বী বলেন, “রাসেল ও সাওদা একই এলাকার বাসিন্দা। অনেক আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্যাম্পাসে আসার পথে সাওদার উপর সন্ত্রাসী হামলা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৪ এর সহকারী নিবন্ধক মো. রুবেল জানান, ধারালো অস্ত্রের হামলায় সাওদার মাথায় গুরুতর জখম হয়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।