‘খোকন রাজাকারের’ অভিযোগ গঠন শুনানি শুরু
নগরকান্দার পৌর মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
এদিন খোকন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। তার পক্ষে শুনানি করেন প্রসিকউটর মোখলেছুর রহমান বাদল।
গত ১৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আমলে নিয়ে খোকনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি ১৪ অগাস্টের মধ্যে আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই অভিযোগে গঠনের শুনানি শুরুর নির্দেশ দেয়া হয়।
২৩ জুন প্রসিকউটর মোখলেসুর রহমান বাদল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর খোকন রাজাকারের বিরুদ্ধে ১১টি অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে গত ২৯ মে তার বিরুদ্ধে ১৩টি অপরাধে জড়িত থাকার অভিযোগে তদন্ত চূড়ান্ত করে তদন্ত সংস্থা চিফ প্রসিকউটরের তদন্ত প্রতিবেদন জমা দেন।
তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার হিসেবে জাহিদ হোসেন খোকন লুটপাট, অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্মান্তরকরণ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি বৃহত্তর ফরিদপুর জেলার নগরকান্দায় এসব অপরাধ সংঘটন করেন।
২০১২ সালের ১৬ এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকালে এ মামলায় ৭৮ জনের বেশি লোকের সাক্ষ্য নেয়া হয়েছে। এদের মধ্যে ৫০ জনকে সাক্ষী করা হয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৯ মে চাঁদেরহাটে পাকিস্তানি সেনাবাহিনী ও এদেশীয় রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় ধরনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ভাই জাফর রাজাকার মারা যাওয়ার পর তার ভাই খোকন নগরকান্দা রাজাকার বাহিনীর প্রধান হন।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।
২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।
