অবৈধভাবে ভারতে গিয়ে ধরা পড়ল ৬ বাংলাদেশি
অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে ধরা পড়েছে ৬ বাংলাদেশি।
বৃহস্পতিবার সকালে ভারতের বানপুর এলাকায় বাসিন্দারা তাদের আটক করে কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করে বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, বুধবার গভীর রাতে জীবননগরের গহেশপুর সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে।
এরা হলেন- জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে রবজেল মণ্ডল (৩০), মৃত ইয়াকুব আলীর ছেলে জিয়ার হোসেন (২৮), হবা মিয়ার ছেলে মিয়াজান আলী (২৭), মৃত মান্দার মণ্ডলের ছেলে বেড়ে মণ্ডল (৩২), মোশারফ হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৮) এবং আব্দুল মান্নানের ছেলে ফিরোজ উদ্দিন (২৬)।
লেফট্যানেন্ট কর্নেল গাজী আসাদুজ্জামান বলেন, “এ ছয় জনের নামে জীবননগর থানায় মামলা থাকায় তারা আত্মগোপনের জন্য ভারতে অনুপ্রবেশ করেছিল।”
তিনি বলেন “এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ এর কাছে খোঁজ-খবর নেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো তথ্য দিতে পারেনি।”
তবে ছয় জনের নামে মামলার বিষয়টি নিশ্চিত করতে পারেননি জীবননগর থানার ওসি আবদুর রকিব খান।
তিনি বলেন, সীমান্ত এলাকায় অনেক মামলা রয়েছে। নির্দিষ্ট করে ওই ছয় জনের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা তিনি জানেন না।
