বগুড়ার সেই জঙ্গি আস্তানা ‘দেওয়ান বাড়িতে’ আগুন
বগুড়ায় জঙ্গি আস্তানা ‘দেওয়ান বাড়ি’তে অগ্নিকাণ্ড ঘটেছে, যেখান থেকে দুই সপ্তাহ আগে ভারীঅস্ত্রসহ ৩ জঙ্গিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১২ এর সিনিয়র এএসপি আবু সাঈদ জানান, বৃহস্পতিবার ভোরে তালাবন্ধ বাড়িটিতে আগুন লাগে। প্রায় আধা ঘণ্টা চেস্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
ঘটনাস্থল পরিদর্শনের পর আবু সাঈদ জানান, দুদিন আগে ওই বাড়ির বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই।
এই র্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হতে পারে জঙ্গিরা সংকেত দিতে চায় যে তাদের আর কাউকে গ্রেপ্তার করা হলে তারা আরো বড় নাশকতা ঘটাতে সক্ষম। যে ধরনের অস্ত্র তাদের আস্তানায় পাওয়া গেছে তাতে ওরা বোঝা যায়, ওরা প্রশিক্ষিত।”
তবে আগুন লাগার বিষয়ে কিছু জানেনা বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি শহীদ আলম।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিস সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টা ৪০ মিনিটে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। নেভাতে গিয়ে দেখা যায় দরজা তালাবন্ধ। পরে তালা ভেঙে আগুন নোভানো হয়।
“বাড়ির ভেতরে কিছু আসবারপত্র ও ফ্যান পুড়ে গেছে। তবে এ মুহূর্তে তদন্ত ছাড়া আগুনের কারণ বলা সম্ভব নয়।”
গত ২২ অগাস্ট শহরের ঠনঠনিয়া এলাকার দুলাল হোসেনের ওই বাড়ি থেকে ভারী অস্ত্রসহ ৩ জঙ্গিকে গ্রেপ্তার করে র্যাব। এরপর বাড়িটি তালাবন্ধ করে দেয়া হয়।
র্যাব বলছে, বিইএম নামে নতুন এক জঙ্গি সংগঠন প্রশিক্ষণের জন্য আস্তানা হিসাবে ওই বাড়ি ব্যবহার করছিল।
ঘটনার তিন দিন পর ২৫ অগাস্ট আত্মগোপনে থাকা বাড়ির মালিক দুলালকেও গ্রেপ্তার করা হয়।
