২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের বিচার শুরু

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 06:51 PM

বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই আদেশ দেয়।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ  ও প্রারম্ভিক বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন রেখেছেন বিচারক।

অভিযোগ গঠনের আদেশের দিন থাকায় মীর কাসেম আলীকে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ফজলে কবীর আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সবগুলো অভিযোগ পড়ে শোনানোর পর কাসেম আলীকে প্রশ্ন করেন- তিনি দোষী না নির্দোষ।

জবাবে এই জামায়াত নেতা বলেন, “মহামান্য আদালত, আমি সম্পূর্ণভাবে নির্দোষ।”

এর পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম দলটির অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিওর সাবেক আবাসিক প্রতিনিধি।

জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।  

ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১৬ মে মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এরপর ২৬ মে তা আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির তারিখ রাখেন বিচারক। অভিযোগ গঠনের শুনানি শেষ হয় গত ১৮ অগাস্ট।

এই জামায়াত নেতার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগ ছাড়া বাকি সব অভিযোগেই অপহরণ করে নির্যাতনের বর্ণনা রয়েছে।

১১ নম্বর অভিযোগে বলা হয়, একাত্তর সালের ২৮ নভেম্বর ছয়জনকে ধরে নিয়ে নির‌্যাতন করে হত্যা করা হয় মীর কাসেমের নির্দেশে।

১২ নম্বর অভিযোগে বলা হয়, মীর কাসেমের নির্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরীসহ তিনজনকে অপহরণ করে নির‌্যাতন করা হয়। এরপর সেখান থেকে দুইজনকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়।

বাকি অভিযোগগুলোতে ওমর-উল ইসলাম চৌধুরী, লুৎফর রহমান ফারুক, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাইফুদ্দিন খান, আব্দুল জব্বার মেম্বার, হারুন অর-রশিদ খান, মো. সানাউল্লাহ চৌধুরী, নুরুল কুদ্দুস, সৈয়দ মো. এমরান, জাকারিয়া, সুনীল কান্তি বর্ধন ও নাসির উদ্দিন চৌধুরীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ রয়েছে।

প্রসিকিউশন বলছে, মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

পরে তিনি জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলার সভাপতি হন এবং সংগঠনটির পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদকও হন।

মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আসাদগঞ্জের চামড়ার গুদাম ও পাঁচলাইশের সালমা মঞ্জিলে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়।

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।

পুরনো খবর:

মীর কাসেমের অভিযোগ গঠন পেছাল