ভারতে পাচারের সময় শিশুসহ আটক ৩১
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় শিশু ও নারীসহ ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক জানান, বুধবার রাতে দক্ষিণ শার্শার পুটখালী ও গোগা সীমান্ত দিয়ে তাদের অবৈধভাবে ভারতে পাঠানো হচ্ছিল। এদের মধ্যে ২২ জন পুরুষ, পাঁচজন নারী এবং চার জন শিশু।
রাতেই তাদের বেনাপোল বন্দর থানায় পাঠানো হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
কর্নেল তায়েফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধপথে একদল লোককে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল সেখানে অভিযান চালায় এবং ওই ৩১ জনকে আটক করে।
তবে দালালদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক আব্দুল আজিজ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
