২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের মামলায় যুক্তিতর্ক শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 11:18 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বুধবার সকাল থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।

প্রসিকিউটর রানা দাশগুপ্ত আসামি অশীতিপর আলীমের রাজনৈতিক জীবন ও সম্পৃক্ততা সম্পর্কে বলেন।

তিনি বলেন, আলীম যখন ৪০-এর দশকে হুগলী ও কলকাতায় লেখাপড়া করার সময় নিখিল ভারত মুসলিম লীগের কর্মী ছিলেন। ১৯৬২ সালে আইয়ুব খানের নেতৃত্বে কনভেনশন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তাতে যোগ দেন তিনি।

১৯৭০ সালে কনভেনশন মুসলিম লীগের প্রার্থী হিসেবে আলীম নির্বাচন করেন। তখন জয়পুরহাট কনভেনশন মুসলিম লীগের সভাপতি এবং বগুড়া জেলা পরিষদের ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি।

১৯৭২ সালের ১ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার একটি প্রতিবেদন তুলে ধরে প্রসিকিউটর বলেন, জয়পুরহাট শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে আলীমের নাম ছিল তাতে।

টিক্কা খানের সঙ্গে যোগসাজশ করে আলীম জয়পুরহাটে শান্তি কমিটি গঠন করে উল্লেখ করে তিনি বলেন, প্রাদেশিক পরিষদের নির্বাচনে পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী ছয় দলের প্রার্থীদের তালিকায় আলীমের নাম আছে। ওই ছয় দলই টিক্কা খানের সঙ্গে যোগসাজশ করে শান্তি কমিটি গঠন করে।

এ বিষয়ে একাত্তরের ২৮ অক্টোবরের দৈনিক সংগ্রাম পত্রিকার উদ্ধৃতি দেন রানা দাশগুপ্ত।

মানবতাবিরোধী অপরাধে আলীমের জড়িত থাকার প্রমাণ হিসেবে ট্রাইবুনালে উপস্থাপিত বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ পত্রিকার ১৯৭২ সালের ১৭ জানুয়ারির সংখ্যায় ‘এরা ছিল নরপিশাচ, এদের ধরিয়ে দিন’ শিরোনামের প্রতিবেদনের কথা উল্লেখ করেন প্রসিকিউটর।

“আব্দুল আলীম একটি প্রভাবশালী পরিবারের শিক্ষিত ছেলে হয়ে স্বজ্ঞানে একটি পক্ষ অবলম্বন করেছেন, যা ন্যায়ের পক্ষ নয়। মানবতাবিরোধী অপরাধের পক্ষ।”

যুক্তি উপস্থাপনকালে দৈনিক বাংলা, দৈনিক সংগ্রাম, দৈনিক জনকণ্ঠ, দৈনিক আজাদসহ আরো কয়েকটি পত্রিকার প্রতিবেদনের কপি তথ্যপ্রমাণ হিসেবে উপস্থাপন করেন তিনি।

বুধবার আলীমের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা শেষ হয়। এরপর বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি হয়।

এদিন ট্রাইব্যুনালে আলীমের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এএইচএম আহসানুল হক হেনা, অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম।

প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, তুরিন আফরোজ এবং জেয়াদ আল মালুমও ছিলেন শুনানিতে।