২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগে ‘ঢিলেমীতে’ মাদকাসক্তি বাড়ছে: মন্ত্রী

দেশে মাদকাসক্তি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বিচার বিভাগের ‘ঢিলেমী’কে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 10:50 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, মাদকাসক্তি রোধ করার জন্য অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে বিচার বিভাগ।

“পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর মাদকাসক্তি সম্পর্কিত ৫৫ হাজারের মতো মামলা সংশ্লিষ্ট আদালতে দায়ের করা হয়। এর মধ্যে সাড়ে সাত ভাগের কম ক্ষেত্রে বিচার সম্পন্ন করে যারা মাদকাসক্ত বা মাদকদ্রব্য বিতরণে দায়ী বলে বিবেচিত তারা শাস্তি পান।”

মাদকসহ ধরা পড়ার পরও মামলা নিষ্পত্তি ও শাস্তির হারে অসন্তুষ্ট মন্ত্রী বলেন, “আমরা এটা গ্রহণ করতে পারি না। আমরা সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।”

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বিচার বিভাগকে সরাসরি দায়ী করছেন কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এ বিষয়ে মন্তব্য করব না। কারণ বিচার বিভাগ স্বাধীন।”

মাদকাসক্তির প্রসার এবং মাদকদ্রব্যের অপব্যবহার পর্যালোচনা ও রোধে সংশ্লিষ্টদের নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহীউদ্দীন খান আলমগীর।

“বাংলাদেশে মাদকাসক্তের অভিঘাত উৎকণ্ঠার কারণ কিন্তু আশঙ্কাজনক নয়।”

মিয়ানমার থেকে ইয়াবা পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, নাফ নদী ধরে টহল জোরদার করা, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টহল ও জেলা প্রশাসনের খবরদারি জোরদারে নজর দেয়া হচ্ছে।

মাদকাসক্তদের নিরাময়ের জন্য কয়েকটি কেন্দ্র থাকলেও সেখানে প্রয়োজনীয় চিকিৎসক স্বল্পতার বিষয়টি তুলে ধরেন আলমগীর।

‘ঐশীর ঘটনা বিচ্ছিন্ন’

নিহত পুলিশ দম্পতির কন্যা ঐশী রহমানের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনাকে পারিবারিক তরফ থেকে তরুণ-তরুণীদের যথাযথ চেতনাবোধ সৃষ্টির অপ্রতুলতার প্রতিফলন বলে তিনি মনে করেন।

“ঐশীর ঘটনার মানে এই নয় যে দেশে ১৬ কোটির মানুষের পাঁচ কোটি পরিবারের সব পরিবারে এ ধরনের ঘটনা ঘটে। আমরা কেউ কিন্তু আমাদের পিতা-মাতাকে হত্যা করার জন্য এগিয়ে আসি না। এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই বিচবনা করা দরকার।”

তবে এই ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের সতর্কতার ওপর জোর দেন তিনি।