মেহেরপুরে বোমায় শিক্ষক নিহত
মেহরেপুর সদরে দুর্বৃত্তের বোমা হামলায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে এ হামলার পর তারা এক শিশুকে অপহরণ করেছে।
নিহত আব্দুল হালিম মাস্টার (৪৫) সদর উপজেলার শুভরাজপুর গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে এবং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অপহৃত আতাউর রহমান রকি (১১) নিহত আব্দুল হালিম মাস্টারের ভাইয়ের নাতি।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) এটিএম নাহিদুল ইসলাম জানান, রকি নামের শিশুটি তার মায়ের সঙ্গে নানা আব্দুস সামাদের বাড়ি বেড়াতে আসে।
আব্দুস সামাদ নিহত আব্দুল হালিম মাস্টারের ভাই।
রাত ১টার দিকে একদল সন্ত্রাসী রকিকে আপহরণের জন্য আব্দুস সামাদের বাড়িতে হামলা করে।
এ সময় রকির চিৎকার শুনে হালিম মাস্টার সাহায্যের জন্য এগিয়ে এলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এরপর তারা শিশুটিকে অপহরণ করে নিয়ে গেছে, বলেন এসপি।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে বলেও জানান তিনি।
