অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগ নেতাদের কোপাল মুখোশধারীরা
গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজে অধ্যক্ষের কক্ষে ঢুকে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা।
মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের সামনেই মুখোশধারীরা কুপিয়ে আহত করে কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হাসান দর্জি ও থানা ছাত্রলীগের সদস্য মোরাবক হোসেনকে।
তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর কলেজ ছুটি ঘোষণা করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. ছানাউল্লাহ জানান, ৮/১০ জন মুখোশধারী লাঠিসোটা, দা, বল্লম ও চাপাতি নিয়ে নাজমুল ও মোরাবককে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন।
মুখোশধারীরা সেখানে গিয়েই তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা কলেজের টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আসবাবপত্র তছনছ করে।
অধ্যক্ষ ও আহতদের চিৎকারে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
আহত দু’জনকে প্রথমে স্থানীয় শীতলক্ষ্যা হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনার পর কলেজ ছুটি ঘোষণা করা হয় বলে জানান অধ্যক্ষ।
অধ্যক্ষ আরো জানান, কলেজে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণ চলছে। ছাত্রলীগ নেতারা ফি মওকুফ করার জন্য চাপ দিচ্ছে।
“মঙ্গলবার ছিল ফরম জমা দেয়ার শেষ দিন। চার শতধিক ফরমের মধ্যে মাত্র ২৪১টি ফরম জমা পড়েছে। বাকি ফরমগুলো এখনও ছাত্রলীগ নেতাদের হাতে রয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, ফি মওকুফের টাকা ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিবদমান দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়েই ওই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করেন ওই শিক্ষক।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনূল ইসলাম দর্জী সাংবাদিকদের জানান, মুখোশধারীদের মধ্যে এক ছাত্রলীগ নেতাকে নাজমুল চিনতে পেরেছে বলে তাকে জানিয়েছেন।
হামলার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি আহতদের দেখতে হাসপতালে ছুটে যান।
এদিকে হামলার প্রতিবাদে কাপাসিয়া শহরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কাপাসিয়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব বিরোধের জেরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
