মাওয়ায় পদ্মার ভাঙনে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মার ভাঙ্গনে শনিবার থেকে ১৩৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভাঙ্গনে বাড়ি-ঘর, দোকানপাট, মসজিদ ও মাজারসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল দুপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে জানান, ক্ষতিগ্রস্ত ১৩৪টি পরিবারকে ১০ হাজার টাকা এবং ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
ভাঙ্গন কবলিত এলাকায় নিরাপদ দূরত্বে লাল ফিতা দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। ওই এলাকায় না যেতে মাইকিং করে সাবধান করছে প্রশাসন।
সোমবার বিকালে ভাঙ্গন দেখতে যাওয়া লোকজনসহ পদ্মাতীরের অনেকখানি জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
মঙ্গলবার মাওয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, পুরোনো ৩ নম্বর ফেরিঘাট এলাকার নদী তীরের দোকান ও বসতি সরিয়ে নেয়া হচ্ছে।
বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ায় রাতের বেলা চার্জার লাইট দিয়েই আবদুস সালাম ও সাদিয়া আফরিন দম্পতি আকাশ বোর্ডিং ভাঙ্গার কাজ করছেন। তাদের মতো আরো অনেকেই নিজেদের দোকান ও ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন।
নদী ভাঙ্গনের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হলেও মাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি উদ্বেগ প্রকাশ করে ভাঙ্গণ রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
