২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই এ দুটি ছাত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে মিছিল বের করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় সংলগ্ন যাদুঘর গেইটে পুলিশ ছাত্রদলকে বাধা দেয়।

পরে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ না করে বিশ্ববিদ্যালয়ের উত্তর গেইটে সমাবেশ করে।

একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ হোসেনের উপর হামলার প্রতিবাদে দক্ষিণ গেইটে সমাবেশ করে ছাত্রলীগ।

এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম বলেন, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রবেশের অপচেষ্টা করছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ছাত্রলীগ ও প্রশাসন এক হয়ে সমাবেশে বিধি নিষেধ আরোপ করেছে।