আলীমের মামলায় যুক্তিতর্ক শুরু বুধবার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী আব্দুল আলিমের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
বুধবার থেকে এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার আলীমের পক্ষে শেষ সাফাই সাক্ষী ও তার ছেলে সাজ্জাদ বিন আলীমকে জেরা করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
এরপর এ মামলায় আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে ট্রাইব্যুনাল।
যুক্তিতর্ক উপস্থাপন হয়ে গেলে মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।
শর্তসাপেক্ষে জামিনে মুক্ত অশীতিপর আলীম মঙ্গলবার আদালতে ছিলেন। জিয়াউর রহমানের আমলের মন্ত্রীজামিন নিয়ে বনানীতে তার ছেলের বাড়িতে রয়েছেন। তার ছেলে ফয়সাল আলীম মোবাইল ফোনের কনটেন্ট প্রোভাইডার প্রতিষ্ঠান উইনটেলের মালিক।
গত বছর ১২ জুন জিয়াইর রহমানের আমলের মন্ত্রী আলীমের বিরুদ্ধে ১৭টি ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়। এগুলোর মধ্যে ১৫টিতে বিভিন্ন ঘটনায় মোট ৫৮৫ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
বাকি দুটি অভিযোগ আনা হয়েছে অগ্নিসংযোগ, লুটপাট, আটক ও দেশান্তরে বাধ্য করার ঘটনায়।
হত্যার অভিযোগের ১৫টি ঘটনার মধ্যে তিনটি গণহত্যার অভিযোগ রয়েছে, যাতে মোট ৪০৬ জনকে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের।
আলীমের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষীসহ প্রসিকিউশনের মোট ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে তার পক্ষে ছেলে সাজ্জাদ ছাড়াও সাক্ষ্য দেন জয়পুরহাটের বাসিন্দা মো. মামুনুর রশিদ চৌধুরী ও মো. মোজাফফর হোসেন।
জয়পুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আলীম ১৯৭৯, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে জয়পুরহাট-পাঁচবিবি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মঙ্গলবার জেরায় সাজ্জাদ জানান, ১৯৭২ সালে দালাল আইনে আলীমের বিচার শুরু হলেও সাক্ষী না থাকায় অব্যাহতি দেয়া হয় তাকে। ১৯৭৪ সালের ১৮ জানুয়ারি তিনি মুক্তি পান।
২০১২ সালের ১২ জুন আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরে ৯ জুলাই এ মামলার বিচার শুরু হয়।
২০১২ সালের ১৫ মার্চ আলীমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২৭ মার্চ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
বিচারকাজে গতি আনার জন্য ১৬ এপ্রিল আরো দুটি মামলাসহ এ মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরিত হয়।
