২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় বিএনপি দুপক্ষের পাল্টাপাল্টি মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে দুপক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বিএনপি নেতারা এ মামলা দুটি দায়ের করেন।

এ নিয়ে এ ঘটনায় তিনটি মামলা হল। এর আগে রোববার পুলিশ একটি মামলা করেছিল।

উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম আকবর আলীসহ ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪/৫শ’ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেছেন।

অপর মামলা করেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক।

তার মামলায় সাধারণ সম্পাদক এ কে আজাদসহ ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৩/৪শ’ নেতাকর্মীকে আসামি করা হয়।

বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে রোববার উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম আকবার আলী এবং সাধারণ সম্পাদক এ কে আজাদ পক্ষের সঙ্গে সংঘর্ষ, মারপিট, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনায় ওইদিন রাতেই সরকারি কাজে বাধা এবং নাশকতার অভিযোগে বিএনপির প্রায় সাড়ে ১২শ’ নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।