হাতিয়া ইউএনও কার্যালয় ঘেরাও
বেড়িবাঁধ নির্মাণের অর্থ আত্মসাতকারীদের বিচার ও জোয়ার-জলোচ্ছ্বাস থেকে রক্ষাসহ নয় দফা দাবিতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে সুখচর ইউনিয়নবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সুখচর ইউনিয়নের রামচরণ বাজার থেকে প্রায় পাঁচ হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ অভিমুখে যাত্রা শুরু করেন। প্রায় ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর সোয়া ১২টায় তারা উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।
মিছিলকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে জরুরিভাবে সুখচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিনকে অপসারণ করে প্রশাসক নিয়োগ, টেন্ডারের পরও বেড়িবাঁধ না হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ ৪ লাখ ৯৯ হাজার টাকা ও পানি উন্নয়ন বোর্ডের ৯ লাখ টাকার চলমান কাজের অগ্রগতি তদন্ত এবং অনিয়মে জড়িতদের বিচারসহ সুখচরকে দুর্গত এলাকা ঘোষণা।
মিছিলে থাকা সুখচরের বাসিন্দা ও ক্ষেতমজুর ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় মহানের প্রভাবে সুখচর ইউনিয়নের তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য উপজেলা পরিষদ থেকে ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও কাজ না করে ওই টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।
তিনি আরো বলেন, বাঁধ মেরামত না হওয়ায় অমাবশ্যা পূর্ণিমায় অস্বাভাবিক জোয়ারে বাড়িঘর, পথঘাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় ইউনিয়নবাসী পানিবন্দি হয়ে পড়ে।
এছাড়া পরিষদ নির্বাচনের পর ১০ বছর পেরিয়ে গেলেও আর নির্বাচন হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেদুর রহমান বলেন, “আগেও সুখচর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া চেয়ারম্যানের মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানান।
তবে ত্রাণ বিতরণের বিলম্বের কথা স্বীকার করলেও অভিযোগগুলো মিথ্যা বরে দাবি করেছেন চেয়ারম্যান কামাল উদ্দিন।
তিনি বলেন, “আমাকে ফাঁসানোর জন্যই এসব অভিযোগ তোলা হচ্ছে।”
