চাকরি স্থায়ী করার দাবিতে চট্টগ্রাম নগর ভবনে বিক্ষোভ
চাকরি স্থায়ী করার দাবিতে তিন ঘণ্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লা মোড়ে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ হয়।
এতে প্রায় হাজার খানেক শ্রমিক-কর্মচারী অংশ নেন। এসময় নগর ভবনে কাউকে ঢুকতে দেয়নি তারা।
তিন রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে যৌথ সংগ্রাম পরিষদ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে মেয়র মোহাম্মদ মন্জুর আলম সিটি করপোরেশনে যান।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে সাত হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। কিন্তু এখনো করপোরেশন পরিচালিত হয় ১৯৮৮ সালের সাংগঠনিক কাঠামো অনুযায়ী।
“সেই কাঠামো অনুসারে এক হাজার চারশ শূন্য পদে অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের স্থায়ীকরণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাই। প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।”
আগামী এক সপ্তাহের মধ্যে অস্থায়ী শ্রমিক কর্মচারীদের স্থায়ী করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মেয়র।
সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক দোস্ত মোহাম্মদ বলেন, প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কাজ করছে। ১৯৮৮ সালের সাংগঠনিক কাঠামো অনুসারে মাত্র এক হাজার চারশ শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার দাবি জানাচ্ছি।
“সে দাবিও বছরের পর বছর বাস্তবায়ন হচ্ছে না।”
সমাবেশের শুরুতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণার কথা জানালেও মেয়রের আশ্বাসের পর কর্মসূচি ঘোষণা স্থগিত রাখেন আন্দোলনকারীরা।
সংগ্রাম পরিষদের সদস্য সচিব কাজী আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশ্বাস অনুসারে চলতি সপ্তাহের মধ্যে স্থায়ী করণের কার্যক্রম শুরু না হলে তারা গণস্বাক্ষর, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অনশন ও কর্মবিরতির কর্মসূচি দেবেন।
চাকরি স্থায়ী করার দাবিতে চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, চসিক শ্রমিক কর্মচারী লীগ ও চসিক শ্রমিক সংস্থার সমন্বয়ে সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন করছে।
