বাসচাপায় মুক্তিযোদ্ধা পুলিশ কনস্টেবল নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে বাসচাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা-বরিশাল মহাসড়কে ফায়ার সার্ভিস অফিসের সামনে সোমবার রাতে এ দুর্ঘটনায় নিহত আবু জাফর (৫৯) মুক্তিযোদ্ধা ছিলেন।
তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, সোমবার রাত ৮টার দিকে রাতের খাবারে জন্য ফায়ার সার্ভিস কর্মীদের মেসে যাচ্ছিলেন তিনি।
রাস্তা পার হওয়ার সময় টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা হয়েছে।
ওসি আরো বলেন, ময়নাতদন্তের পর জাফরের প্রথম জানাজা ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি নেয়া হবে।
সেখানে আবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে, বলেন ওসি।
