নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে অটোচালক নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অটো রিকশাচালককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত কামাল হোসেন (২৫) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের নুরনবীর ছেলে।
সোমবার রাতে সুজায়েতপুর গ্রামের চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে হত্যা করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে কামালের ভাই সন্ত্রাসী কবির বাহিনীর সঙ্গে বাংলাবাজার এলাকার হারুন বাহিনীর বন্দুক যুদ্ধ হয়। ওই ঘটনার জের ধরে কামালকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ওসি নাজিম বলেন, রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী কামালকে বাড়ি থেকে ডেকে চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে এবং গুলি করে ফেলে যায় তারা।
পরে কামালকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকারীদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
