মধ্যপাড়ায় শিলা তুলবে জার্মানিয়া ট্রেস্ট
মধ্যপাড়া কঠিন শিলা খনির উন্নয়ন ও খনিজ উত্তোলনে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয়ে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।
সোমবার সোনারগাঁ হোটেলে এ চুক্তিতে সই করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির সচিব শাহ মো. রেজানুল হক এবং বেলারুশ ও বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (Germania Trest Consortium) বাংলাদেশ প্রতিনিধি কাজী সেরাজুল ইসলাম।
মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প থেকে ছয় বছরে ৯২ লাখ লাখ টন শিলা তোলাসহ খনির উন্নয়ন কাজের জন্য গত বছর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে অংশ নেয়া দুটি প্রতিষ্ঠানের মধ্য থেকে জার্মানিয়া ট্রেস্টকে বাছাই করা হয়।
কোম্পানিটি কাজের জন্য ১৩৯৮ কোটি টাকা দর দেয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মইন উদ্দিন বলেন, ছয় বছরে ৯২ লাখ টন শিলা বিক্রি করা হবে, যা থেকে কোম্পানির আয় হবে ২০৭০ কোটি টাকা।
চুক্তি বাস্তবায়নের জন্য প্রাথমিক পযায়ে পেট্রোবাংলা থেকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ১২০ কোটি টাকা ঋণ নেবে বলে জানানো হয়েছে।
মধ্যপাড়া থেকে শিলা উত্তোলনের লক্ষ্যে ১৯৯৪ সালে পেট্রোবাংলা এবং উত্তর কোরীয় কোম্পানি নামনাম-এর মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিটি বাস্তবায়নের শেষ পর্যায়ে খনিটি নিজেদের তত্ত্বাবধানে নেয় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি।
বর্তমানে এই খনিতে সীমিত পরিসরে কাজ চলছে। প্রতিদিন গড়ে ৯০০ টন শিলা উত্তোলন হচ্ছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।
লক্ষ্যমাত্রা অনুযায়ী শিলা উত্তোলন এবং খনির রক্ষণাবেক্ষণসহ অনুষঙ্গিক কাজের জন্য ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।
