২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি সরকারদলীয় এজেন্ট: মওদুদ

নির্বাচন কমিশন (ইসি) সরকারের ‘এজেন্ট’ হিসাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 09:24 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার তিনি নারায়ণগঞ্জে বলেন, “বর্তমান নির্বাচন কমিশন দলীয় কমিশনে পরিণত হয়েছে। তারা এ সরকারের দলীয় এজেন্ট। নখ-দন্তবিহীন একটি প্রতিষ্ঠান। তারা সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করছে।”

প্রধানমন্ত্রী সরকারি খরচে যে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন ইসি নিরপেক্ষ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেন।”

ইসি বিএনপিকে দ্বিখন্ডিত করার চেষ্টা করছে এমন অভিযোগ এনে মওদুদ একে পুনর্গঠনের দাবি জানান।

পঞ্চদশ সংশোধনী বাতিল করে নির্দলীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করে এ সরকার দেশে সংকট সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন মওদুদ।

বিকেলে শহরের দেওভোগে চারুকলা ইন্সটিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত কর্মী-সমাবেশে এসব কথা বলেন মওদুদ আহমেদ।

সাবেক এ আইনমন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে এই সরকার আর কখনোই জয়লাভ করতে পারবে না। তাই প্রধানমন্ত্রী নির্বাচনকে ভয় পান। কারণ গত ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনেই প্রমাণিত হয়েছে দেশের মানুষ পরিবর্তন চায়।

জনগণের এ রায়ের পর এ সরকারের ক্ষমতায় থাকার আর কোন নৈতিক অধিকার নেই উল্লেখ করে মওদুদ আরো বলেন, গত সাড়ে ৪ বছরে তাদের কাছ থেকে মানুষ শুধু দুঃশাসন-দুর্নীতি-অবিচার আর অন্যায় পেয়েছে। তাদের কাছ থেকে দেশের মানুষ সহশীলতার কোন কিছু দেখেনি।

জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, জ্যেষ্ঠ সহসভাপতি শাহ আলম, সাবেক প্রতিমন্ত্রী  রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপি নেতা বদরুজ্জামান খান খসরু, জাহাঙ্গীর আলম, এ টি এম কামাল, জান্নাতুল ফেরদৌস, খন্দকার আবু জাফর, সফর আলী ভূঁইয়া, নূর জাহান, নজরুল ইসলাম আজাদ, জাকির হোসেন, সরকার হুমায়ূন কবীর, আবদুল বারী ভূঁইয়া প্রমুখ।