২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রামীণফোন সেন্টারে অবরোধ

মোবাইল ফোন নাম্বার হ্যাক করে অন্যের নাম্বারে হত্যার হুমকি ও গালাগালি দেয়ার ঘটনায় বিক্ষুব্ধ গ্রাহকরা সিলেটে গ্রামীণফোন সেন্টার অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 08:58 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

পরে গ্রামীণফোন কর্তৃপক্ষ ৫ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা অবরোধ তুলে নেন।

সোমবার বিকেলে নগরীর আম্বরখানা গ্রামীণফোন সেন্টারে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগীদের একজন সিলেট নগরীর টিলাগড়ের শাহাদত হোসেন টিংকু জানান, গত কয়েকদিন ধরে নিজের ব্যবহৃত গ্রামীণের মোবাইল নাম্বার থেকে তার বন্ধু জোসেফ এনামের নাম্বারে গালিগালাজ সম্বলিত ক্ষুদে বার্তা (এসএমএস) যায়। কিন্তু এগুলো তিনি তার বন্ধুকে পাঠাননি।

“এ নিয়ে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য শুরু হলে রোববার আম্বরখানা গ্রামীণফোন সেন্টারে এসে অভিযোগ দিই। এ সময় গ্রামীণফোন সেন্টারের কর্মকর্তারা নাম্বার হ্যাক করে এসএমএসের সত্যতা পেলেও কোন সদুত্তর না দিয়ে ফিরিয়ে দেন।”

সোমবার সকালে টিংকুর মোবাইল থেকে ফের জোসেফের মোবাইলে কুপিয়ে হত্যার হুমকি আসলে দুই বন্ধু আবারও গ্রামীণফোন সেন্টারে এসে এর প্রতিকার চান। কিন্তু গ্রামীণফোন সেন্টার কর্তৃপক্ষ তাদের কিছু করার নেই বলে আবার ফিরিয়ে দেন।

এর জের ধরেই বেলা ৩টায় ভূক্তভোগী কয়েকজন গ্রাহকসহ টিংকু ও জোসেফের বন্ধুরা মিলে আম্বরখানা গ্রামীণফোন সেন্টারে গিয়ে অবরোধ তৈরি করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে র‌্যাব-পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে তাদের মধ্যস্থতায় বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামীণফোন কর্তৃপক্ষ ৫ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্দ গ্রাহকরা ফিরে যান।

এ প্রসঙ্গে আম্বরখানা গ্রামীণফোন সেন্টারের ইনচার্জ রুম্মান আহমদ বলেন, গত এক সপ্তাহ ধরে হ্যাকাররা গ্রামীণফোন নাম্বার হ্যাক করে ভিআইপিসহ বিভিন্ন পেশার লোকজনকে হুমকি দিচ্ছে।

আগামী ৫ কার্যদিবসের মধ্যে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। সিলেটের যেসব গ্রাহকদের নাম্বার থেকে এরকম এসএমএস গেছে তাদের নাম্বার উল্লেখ করে গ্রাহকদের পক্ষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান রুম্মান।

বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, নাম্বার হ্যাক করে এসএমএস দেয়ার ঘটনায় গ্রাহকরা গ্রামীণফোন সেন্টারে বিক্ষোভ করেছেন।

পরে কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে থানায় জিডি ও সমস্যা সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা ফিরে যান।