ফেনীতে ছাত্রলীগের দু’পক্ষে মারামারি, বাস বন্ধ
ফেনীর পরশুরামে কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে হামলা-ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার রাতে এ ঘটনার সময় সম্মেলনে আসা ১১টি বাস ভাংচুর করা হয় বলে অভিযোগ করেছে মালিকপক্ষ।
এর প্রতিবাদে মালিকপক্ষ সোমবার সকাল থেকে প্রায় ১০ ঘণ্টা ফেনী-পরশুরাম সড়কে বাস চলাচল বন্ধ রাখে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিকাল ৪টায় ওই সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৯ বছর পর রোববার পরশুরাম উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলন শেষে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকদের নাম ঘোষণা করে নেতারা চলে যান।
এরপরই পদবঞ্চিতরা ভাংচুর চালায় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
ফেনী-পরশুরাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী সিরাজ অভিযোগ করেন, সম্মেলনে আসা ১১টি বাস ভাংচুর করা হয়েছে। এর আগেও ছাত্রলীগের আভ্যন্তরীণ বিরোধের জের ধরে কিছুদিন আগেও কয়েকটি বাস ভাংচুর করা হয়েছিল।
স্থানীয় প্রশাসনের বিচারের আশ্বাস ও যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সারাদিন বন্ধ রাখার পর বিকাল চারটা থেকে বাস চলাচল শুরু করা হয় বলে জানান কাজী সিরাজ।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি ইয়াছিন শরিফ জানায়, সম্মেলন শেষে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার মারার ঘটনা ঘটেছে।
পরশুরাম মডেল থানার ওসি আলী আরশাদ জানান, বাস ভাংচুরের ঘটনায় সোমবার বিকাল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
