রাবির ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
সোমবার ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুসারে ওই তারিখে ভর্তি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
আটটি অনুষদের ৪৭টি বিভাগের এই ভর্তি পরীক্ষা পূর্বের মতো ১৬টি ক্লাস্টারে (ইউনিট) নেয়া হবে।
এছাড়া ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ও অন্যান্য শর্তের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না বলে তিনি জানান।
তিনি বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে আমরা এই পরীক্ষা ১৪ নভেম্বর শেষ করবো বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৮ সেপ্টম্বর ভর্তি পরীক্ষার উপ-কমিটির বৈঠকে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ভর্তি আবেদন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে শুরু হবে বলে তিনি জানান।
