তাড়াশে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে অপহরণ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কেন্দ্র ব্যবস্থাপককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর গ্রামীণ ব্যাংক শাখা থেকে মো. হযরত আলীকে (২৬) নিয়ে যায়। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা গ্রামে।
পরিবারের দাবি, এরপর স্বজনদের সঙ্গে ফোনে কয়েকদফা কথা বললেও কোনো মুক্তিপণ দাবি করেনি অপহরণকারীরা।
পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তাড়াশ থানায় ব্যাংকের পক্ষ থেকে নিখোঁজ হয়েছে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে হযরত আলীর পরিবারের লোকজন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে হযরত আলী নিজ কার্যালয়ে কাজ করার সময় মোবাইল ফোনে একটি কল পেয়ে কার্যালয় ছেড়ে বের হন।
এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই।
এলাকার বেশ কয়েকজন তাকে হেঁটে নিমগাছী এলাকায় যেতে দেখেছেন বলে জানান পরিবারের সদস্যদের।
হযরত আলীর স্ত্রী হাফিজা বেগম এবং ব্যাংকের মাধাইনগর শাখা ব্যবস্থাপক আরিফুজ্জামান জানান, সোমবার সকালে তাদের মোবাইল ফোনে অপহরণকারীদের কয়েকবার কথা হয়।
এ সময় অপহরণকারীরা তার স্ত্রীকে নানা বিষয়ে হুমকি দেয় এবং পরবর্তীতে আবার কথা হবে বলে ফোন কেটে দেয়।
তারা আরো জানান, মোবাইলের অপর প্রান্ত থেকে অসুস্থ ব্যক্তির গোঙানি ও গাড়ির শব্দ শুনতে পেয়েছেন।
তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বলেন, সকালে গ্রামীণ ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক আরিফুজ্জামান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদুর রহমান ও অপহৃতের বাবা আব্দুর রশিদ থানায় এসে অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
