২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র

সাভারে পুলিশ হেফাজতে ব্যবসায়ী শামীম সরকার নিহত হওয়ার মামলায় পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র উপস্থাপন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক, সাভার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিদুল ইসলাম, পুলিশ সদস্য রমজান আলী, ইউসুফ আলী ও মোফাজ্জল। তারা সবাই বর্তমানে কারাগারে  রয়েছেন।

উপস্থাপনের পর অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ঠিক করেন আদালতের বিচারক তৈয়বুল হাসান।

আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্তে ব্যবসায়ী শামীম হত্যার সঙ্গে এই পাঁচ পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, গত ৫ জুন রাতে ব্যবসায়ী শামীম সরকার ও তার ভাগ্নে সাইফুলকে হেমায়েতপুরের মোল্লা সিএনজির পাশে তপু ফার্মেসীতে ডেকে নিয়ে প্রথমে পাঁচ লাখ ও পরে দুই লাখ টাকা দাবি করেন এএসআই আকিদুল ইসলাম।

টাকা দিতে না পারায় পুলিশের টর্চার সেল হিসেবে পরিচিত চামড়া শিল্প পুলিশ ফাঁড়িতে নিয়ে সাইফুলকে একটি ঘরে আটকে রাখে এবং আরেকটি ঘরে শামীমকে নির্যাতন করে হত্যা করা হয়।

এঘটনায় ৬ জুন রাতে নিহতের বড় ভাই আমিন সরকার বাদি হয়ে পাঁচ পুলিশ কর্মকর্তার নামে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। সাময়িক বরখাস্ত করা হয় ছয় পুলিশ সদস্যকে। তদন্তে একজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।