২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে আ. লীগের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান নিহত

ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 08:41 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার বিকাল ৪টার দিকে উপজেলা সদরে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে সেলিমসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

গুরুতর আহত সেলিম, তার দুই ভাই মজনু ও টিপুকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

সন্ধ্যায় হাসপাতালে মারা যান ৪০ বছর বয়সী উপজেলা চেয়ারম্যান, যিনি পাহাড়ি সেলিম হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের কারণে ধোবাউড়া উপজেলা সদরে রোববার ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন। ওই নিষেধাজ্ঞার মধ্যে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

দুপুরে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাবার বিতরণকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিমের সমর্থকদের সঙ্গে গামারী তলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের সমর্থকদের হাতাহাতি হয়।

ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসাইন সাংবাদিকদের বলেন, এর জের ধরে বিকাল ৪টার দিকে আজিজুল হকের সমর্থকরা উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। এর কিছু পরে সেলিমের সমর্থকরাও সেদিকে রওনা হয়।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।”

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দাইরপাড়া এলাকায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় বলে ধোবাউড়া থানার ওসি আব্দুল হক জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে।

সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজ করায় এলাকায় র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।