সুনামগঞ্জে ট্রেন-ট্রাক সংঘর্ষ, চলাচল ব্যাহত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গোবিন্দগঞ্জে এ দুর্ঘটনার পর সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল এবং সিলেট-ছাতক রেলপথে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।
গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি।
তিনি বলেন, গোবিন্দগঞ্জের রেলক্রসিংয়ে সিলেট থেকে ছাতকগামী মালবাহী ট্রেনের সঙ্গে সুনামগঞ্জ থেকে সিলেটগামী ট্রাকের সংঘর্ষ হয়।
“সংঘর্ষে ট্রাকের চালকসহ ৫ জন আহত হয়। ”
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল এবং সিলেট-ছাতক রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সেখান থেকে সরিয়ে নেয়।
কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
