২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ফ্লাই অ্যাশবাহী কোস্টারে ‘ছিদ্র’

সুন্দরবন সংলগ্ন মংলার পশুর নদীতে সিমেন্টের ফ্লাই অ্যাশবাহী একটি কার্গো জাহাজে তলা দিয়ে পানি ওঠায় যাত্রা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সংশ্লিষ্টরা জানান, ভারতের বজবজ নৌবন্দর থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ নিয়ে কোস্টার এমভি কফিলউদ্দিন-৫ নরসিংদীর ঘোড়াশাল যাচ্ছিল।

শনিবার রাত সাড়ে আটটায় মংলার পশুর নদীতে এটিতে পানি উঠতে থাকায় সিগন্যালের চরে আশ্রয়ে রাখা হয়।

এই কোস্টারে থাকা ১২ নাবিক নিরাপদে রয়েছেন। এটির ভেতরের পানি পাম্প করে নিষ্কাশন করা হচ্ছে।

এমভি কফিলউদ্দিন-৫ এর মাস্টার সাইদুল ইসলাম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ অগাস্ট বজবজ নৌবন্দর থেকে নরসিংদীর ঘোড়াশালের সেভেন সার্কেল নামের একটি সিমেন্ট তৈরির কারখানার জন্য ৬৯৮ টন ফ্লাই অ্যাশ নিয়ে রওনা হন তারা।

“পশুর নদীতে পৌঁছলে হঠাৎ দেখি কোস্টারের সামনে নিচু হয়ে যাচ্ছে। তখন কোস্টার থামিয়ে নদীর পাশে থাকা চরে ভিড়িয়ে দেই,” বলেন তিনি।

বর্তমানে কোস্টারটি নিরাপদে রয়েছে। তবে জোয়ারিএলে চরে পানি উঠে আবার কোস্টারের ভেতরে ঢুকে পড়ছে। তাই মংলা থেকে পানি নিষ্কাশনের পাম্প এনে পানি সরানো হচ্ছে বলে তিনি জানান।

কোস্টারের মালিকের প্রতিনিধি গোলাম কিবরিয়া বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে কোস্টারটি উদ্ধারের জন্য মংলা পৌঁছেছি। কোস্টারের ভেতরে পানি উঠছে। তবে তলা ফেটে না ছিদ্র হয়ে তা এখনো বোঝা যাচ্ছে না।

কোস্টারের ফ্লাই অ্যাশ অন্য কোস্টার অথবা কার্গোতে করে নামিয়ে হালকা করে তা মেরামতের চেষ্টা করা হচ্ছে।