রামগড়ে বিএনপির কর্মসূচিতে হামলা
খাগড়াছড়ির রামগড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগের হামলার অভিযোগ উঠেছে।
বিএনপির দাবি, সকাল ১০টার দিকে স্থানীয় উদয়ন ক্লাবে এ হামলায় তাদের নয় নেতাকর্মী আহত হয়েছেন।
তবে, যুবলীগ এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারাও তাদের পাঁচ নেতাকর্মী আহতের দাবি করে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ইলিয়াছ ও ইউছুপ নামের দুজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
রামগড় বিএনপির সম্পাদক শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ জানান, বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য সকাল ১০টার দিকে স্থানীয় উদয়ন ক্লাবে জড়ো হলে উপজেলা যুবলীগের সভাপতি কাদেরের নেতৃত্বে যুবলীগকর্মীরা হামলা চালায়। এতে তাদের নয় জন নেতাকর্মী আহত হন।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি মো. কাদের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির হামলায় যুবলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন চৌধুরী জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।
দুগ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচি
এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির দুগ্রুপ পৃথক প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছে।
সকালে আবদুল ওয়াদুদ ভূঁইয়া সমর্থিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে কেন্দ্রীয় বিএনপির সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আরেকটি শোভাযাত্রা বের হয়।
পরে উভয় গ্রুপ জেলার মুসলিম পাড়া এলাকায় শহীদ জিয়ার স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে।
