২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্মৃতিস্তম্ভে বাদপড়া শহীদদের নাম চাই’

কক্সবাজারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বাদপড়া শহীদদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 10:15 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শনিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সৌরভ দেব।

তিনি বলেন, গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি জেলায় নির্মিত হয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ।

স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ বাস্তবায়ন করে সরকারের গণপূর্ত বিভাগ।

কক্সবাজারেও নির্মিত হয় একটি স্মৃতিস্তম্ভ। এতে ১০ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

এরা হলেন আবদুল হামিদ, গোলাম কাদের, গোলাম সাত্তার, ক্যাপ্টেন মকবুল আহমদ, সিদ্দিক আহমদ, হাবিলদার আবুল কালাম, ইজিহার মিয়া, সিপাহী লাল মোহাম্মদ, শামসুল আলম ও এস এম জাহাঙ্গীর।

কিন্তু এ স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবী সাবের, এটিএম জাফর আলম চৌধুরী, সিপাহী আকতার হোসাইন, এনামুল হক, কক্সবাজার রণাঙ্গনের প্রথম কাতারের শহীদ আমির হামজা, মোহাম্মদ শরীফ চেয়ারম্যান, শহীদ সুভাষ, ফরহাদ, ইলিয়াছ মাস্টার, হাবিলদার রহিম বখশ, মেছের আহমদ, জোনাব আলী, ভট্ট মহাজন, সিপাহী আবুল হোসেন, মাস্টার শাহ আলম, মাস্টার আহমদ বশির, কবির আহমদ, অজিত পাল, নির্মল ধর, মোহাম্মদ আলী, পিয়ারী মহাজন, স্বপন ভট্টাচার্য, মনিন্দ্র নাথ দে, নুরুচ্ছফা চৌধুরী, জানেন্দ্র লাল চৌধুরী, সতীশ মহাজন দে,  মোহাম্মদ শামসুল ইসলাম, আবদুস সাত্তার, অনিল কান্তি দাশ, শশাংক বড়ুয়াসহ আরো অনেক শহীদ মুক্তিযোদ্ধার নাম লেখা হয়নি।

তিনি বলেন, নির্মাণ পরবর্তী স্মৃতিস্তম্ভ দেখভালের দায়িত্ব অর্পণ করা হয় কক্সবাজার জেলা পরিষদের হাতে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সভাপতি শহীদুল্লাহ শহীদ, সহ-সভাপতি মোছাদ্দিক হোসেন আবু, সাংগঠনিক সম্পাদক অন্তিক চক্রবর্তীসহ জেলা ও শহরের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, স্মৃতিস্তম্ভের নামফলকে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তির ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের ভূমিকাই মুখ্য।

মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ ইউনিট যদি বাদপড়া শহীদদের নামের তালিকা জেলা প্রশাসনের যাচাই-বাছাই কমিটির মাধ্যমে হস্তান্তর করে তাহলে ব্যবস্থা গ্রহণ করবেন।