রাজধানীতে গুলিতে যুবক নিহত
রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন।
শনিবার রাত পৌনে ৯টার দিকে নটরডেম কলেজের সামনে মো. সাব্বিরকে (২৪) গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত সাব্বির মতিঝিল এলাকায় থাকতেন। তার বুকের মাঝখানে একটি গুলির চিহ্ন রয়েছে।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুগদা এলাকার সাব্বির দুবাইয়ে ওয়েন্ডিংয়ে কাজ করতো। কিছুদিন আগে তিনি দেশে ফিরে আসেন।
“ওই যুবকসহ তিনজন রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা মটর সাইকেলে এসে সাব্বিরকে গুলি করে পালিয়ে যায়।”
ঘটনার সময় থাকা অপর দুই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
