কসবায় এক ব্যক্তি খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন হয়েছেন।
শনিবার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে নিহত সফিকুল ইসলাম (৪২) কসবার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, লেশিয়ারা গ্রামের স্বপন দত্ত শিমরাইল গ্রামের সফিকুল ইসলামের কাছে আড়াই হাজার টাকা পাওনা ছিলেন।
সফিকুল ইসলাম মেরামতের যন্ত্রাংশ ক্রয়ের জন্য মোটরসাইকেল নিয়ে কসবায় যান। ফেরার পথে টাকা পাওয়ার অজুহাতে স্বপন দত্ত সফিকুলের পথ রোধ করেন।
সেখানে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন তার লোকজন নিয়ে সফিকুলকে মারধর করলে তিনি গুরতর আহত হন।
কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বদরুল আরো বলেন, নিহত সফিকুলের ঘাড়ে কামড়ের এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
এ হামলায় জড়িত সন্দেহে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে মুন্সি খাইরুল কবির খোকন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
