‘পাওনা টাকা চাওয়ায়’ হাত কেটে নিল দুর্বৃত্তরা
পাওনা টাকা চাওয়ায় চুয়াডাঙ্গা জজ আদালতের এক পিওনের হাত কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ হামলায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ।
শনিবার সকাল ১০টায় জেলা শহরের শান্তিপাড়া মোড়ে এ হামলায় আহত হন আলমডাঙ্গা সহকারী জজ আদালতের এমএলএসএস শহিদুল ইসলাম মন্টু।
তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজি মোহাম্মদ ইব্রাহিম জানান, মন্টুকে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় তিন যুবক। এতে মন্টুর বাম হাতের কব্জির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
মন্টুর অবস্থা আশংকাজনক হওয়ায় চুয়াডাঙ্গা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফিরোজ মামুন তার জবানবন্দি রেকর্ড করেছেন।
এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
