চট্টগ্রামে বাস থেকে হেরোইন উদ্ধার
চট্টগ্রামের সিটি গেইট এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য বিরোধী বিশেষ টাস্কফোর্স।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে আসা জে আর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
“বাসের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।”
উদ্ধার করা হেরোইন যাচাইয়ের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
